বিক্ষোভের মুখে কিরগিজস্তানের প্রধানমন্ত্রীর পদত্যাগ
নির্বাচন-পরবর্তী ব্যাপক বিক্ষোভের মুখে কিরগিজস্তানের প্রধানমন্ত্রী কুবাটবেক বরোনভ পদত্যাগ করেছেন। এতে দেশটিতে ব্যাপক রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আজ বুধবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কুবাটবেক বরোনভের স্থলাভিষিক্ত হয়েছেন সাদির জাপারভ। তাঁকে আগের দিন বিক্ষোভকারীরা জেল থেকে মুক্ত করেন। নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভকারী বিরোধী দলের সমর্থকেরা পার্লামেন্ট ভবনের নিয়ন্ত্রণ নিয়ে নেন
ব্যাপক চাপের মুখে পড়ে দেশটির নির্বাচন কমিশন গত রোববার অনুষ্ঠিত নির্বাচনের ফল বাতিল করেছে।
গত কয়েক দিনের বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই কুবাটবেক বরোনভের পদত্যাগের ঘোষণা আসে। নির্বাচনের ফলাফলে দেখা যায়, দেশটির প্রেসিডেন্ট সুরনবাই জিনবেকোভের মিত্ররা বেশির ভাগ ভোট পেয়েছেন। নির্বাচনে ব্যাপক ভোট কেনাবেচার অভিযোগ উঠেছে।
প্রেসিডেন্ট জিনবেকোভ ক্ষমতায় থাকলেও সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন।
এর আগে বিবিসিকে জিনবেকোভ বলেছিলেন, শক্তিশালী কোনো নেতৃত্বের হাতে তিনি দায়িত্ব ছেড়ে দিতে প্রস্তুত। অবশ্য কোনো নেতার নাম উল্লেখ করেননি তিনি।
দেশটির বিক্ষোভকারীরা সরকারি ভবন দখল করে রাজনৈতিক বন্দীদের মুক্ত করেছেন। এর মধ্যে ছিলেন জাপারভ। তাঁর বিরুদ্ধে একজন আঞ্চলিক গভর্নরকে অপহরণের অভিযোগ রয়েছে। তাঁকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বিবিসিকে জিনবেকোভ বলেছেন, ‘বিক্ষোভকারীদের মূল লক্ষ্য নির্বাচন বাতিল করা নয় বরং আমাকে ক্ষমতা থেকে সরানো।’ তিনি সব দলকে বৈধ পথে ফিরে এসে রাজনৈতিক বিপর্যয় একসঙ্গে মোকাবিলার আহ্বান জানান।
পর্যবেক্ষকেরা বলেছেন, জিনবেকোভ ২০১৭ সালে নির্বাচিত হন। তবে এখন সব প্রভাব হারিয়েছেন। তাঁর জায়গায় কে আসবেন, তা এখনো পরিষ্কার নয়।
বিরোধী দলের নেতারা ‘কো-অর্ডিনেশন কাউন্সিল’ গঠন করেছেন। কিন্তু তাঁরা এখনো সরকারের বিষয়ে নিজেদের অবস্থান নিয়ে বিভক্ত রয়েছেন।
Comments
Post a Comment